দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় চিত্রনায়ক মান্নার সঙ্গে প্রথম সিনেমার শুটিংয়ের স্মৃতি প্রকাশ করে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী অহনা রহমান। মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মান্নার সঙ্গে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করেন তিনি।
ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতে শুটিংয়ের ফাঁকে লাল পোশাকে বসে আছেন অহনা। তার পাশে বসে খাবার খাচ্ছেন চিত্রনায়ক মান্না।
ছবির সঙ্গে অহনা লিখেছেন, ‘আমি তখন সবে শিশু, আর তিনি ছিলেন সুপারস্টার। একবার সেই সুপারস্টারই আমাকে বলেছিলেন, ‘অহনা, দেখো, একদিন তুমিও ভালো কাজ করবে।’ তিনিই প্রথম আমাকে তার বিপরীতে নায়িকা হিসেবে দেখেছিলেন। এই সিনেমায় আমি কাজ করব, এর জন্য আমার পরিবারও তখন প্রস্তুত ছিল না। সত্যি বলতে, আমিও প্রস্তুত ছিলাম না। কিন্তু এই মানুষটি আমার প্রথম সিনেমার পরিচালক রকিবুল ইসলাম রাকিব ভাইকে সঙ্গে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন, আমাকে ও আমার পরিবারকে রাজি করাতে।’
কিছুটা আক্ষেপ নিয়ে অহনা লিখলেন, ‘শেষ পর্যন্ত তিনি আমাদের রাজি করিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রথম সেই সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি। তবু আপনি সবসময় আমাদের কাছে মান্না—দ্য সুপারস্টার হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন। আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। আমরা আপনাকে ভালোবাসি স্যার। আমি আপনাকে ভালোবাসি স্যার।’
তবে সিনেমাটির কাজ শেষ হওয়ার আগেই ২০০৮ সালে মারা যান মান্না। পরে পরিচালক সিনেমাটি আমিন খানকে দিয়ে সম্পন্ন করেন। ‘চাকরের প্রেম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অহনা রহমানের।
উল্লেখ্য, জীবদ্দশায় তুমুল জনপ্রিয় ছিলেন মান্না। বিশেষ করে ২০০০-এর দশকে দেশের চলচ্চিত্রে তার অবস্থান ছিল শীর্ষস্থানীয়। ২০০৮ সালে মৃত্যুর সময় তার হাতে থাকা বেশ কয়েকটি সিনেমা অসম্পূর্ণ থেকে যায়।
অহনা রহমান ক্যারিয়ারের শুরুর দিকে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও পরে ছোট পর্দার নাটকে বেশি ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে তিনি নাটকে নিয়মিত অভিনয় করছেন।
/অ